ঢাকা ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৬
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আন্তর্জাতিক নারী দিবস কেবল উদযাপনের দিন নয়, এটি নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে নতুন করে স্মরণ করার দিন।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি ও সমাজে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। তার নেতৃত্বে দেশের নারীরা রাজনীতি, প্রশাসন, শিক্ষা, অর্থনীতি ও কর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। গ্রামীণ নারী থেকে শুরু করে শহরের শিক্ষিত নারী—সবাইকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে তিনি নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারীর শিক্ষা বিস্তার, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল।
রোববার (২৬ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা দল আয়োজিত ‘অদম্য নারী সম্মাননা’, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নারীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছেন, যা জাতির অগ্রযাত্রার অন্যতম শক্তি। খালেদা জিয়ার নেতৃত্বে দেশের নারীরা রাজনীতি, প্রশাসন, শিক্ষা, অর্থনীতি ও কর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। গ্রামীণ নারী থেকে শুরু করে শহরের শিক্ষিত নারী—সবার আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে তার সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছিল।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন কোনো দয়া নয়, এটি একটি জাতির অগ্রগতির অপরিহার্য শর্ত। যে সমাজ নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে, সেই সমাজই প্রকৃত অর্থে উন্নত ও মানবিক হয়ে ওঠে।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নারীর নেতৃত্বের শক্ত ভিত্তি গড়ে ওঠার পেছনে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট উইমেন চেম্বারের পরিচালক শ্যামা হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের সহধর্মিণী দিলারা মালিক এবং সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজী।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান করা হয়। তারা হলেন—সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, সফল নারী উদ্যোক্তা জলি পুরকায়স্থ ও মোছা. রিমা বেগম এবং নির্যাতিত নারীনেত্রী বিলাতুন নেছা।
এ ছাড়াও কুইজ প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন মোছা. রিমা বেগম, বন্যা সিদ্দিকী ও ফাহিমা আক্তার ফাইজা।
অনুষ্ঠানে সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজি, ডা. রেজওয়ানা হাবিবা, জান্নাত জামান চৌধুরী, হালিমা বেগম বিলকিস, শেখ নাজমা বেগম, নুরুন্নাহার ইয়াসমিন, বিলকিস আক্তার, রেহানা আক্তার বর্ষা, আসমা আলম, শাফিয়ামখাতুন মনি, হাফসা খান, রিনা আক্তার, রাহিলা জেরিন, ফাতেমা আক্তার পারুল, রেহানা ফারুক শিরিন, ফাতেমা আক্তার সানদানি, জলি পুরকায়স্থসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design and developed by sylhetalltimenews.com