ঢাকা ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬
ডেস্ক নিউজ : জোরপূর্বক শ্রম নিয়ে তীব্র উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশসহ বিশ্বের মোট ৬০টি দেশের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের একটি বড় প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার ট্রাম্প প্রশাসন ৬০টি দেশ থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ অথবা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের এই প্রস্তাব দেয়।
মার্কিন প্রশাসনের দাবি, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাণিজ্যকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে এবং এ কারণেই এমন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব প্রকাশ করে। এটি মূলত যুক্তরাষ্ট্রের ‘ধারা ৩০১’-এর অধীনে অন্যায্য বাণিজ্য চর্চা সংক্রান্ত দীর্ঘ তদন্তের সর্বশেষ ফলাফল।
এমন এক সময়ে এই প্রস্তাব দেওয়া হলো, যখন ট্রাম্প প্রশাসন দেশের জরুরি শুল্ক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী বিতর্কিত শুল্কব্যবস্থা বাতিল হয়ে যায়।
মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় তদন্তের পর জানিয়েছে, জোরপূর্বক শ্রমের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার ভিত্তিতে বাংলাদেশ, কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, তদন্তের আওতায় থাকা বাকি ৪৫টি দেশের পণ্যের ওপর তুলনামূলক বেশি অর্থাৎ অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক কার্যকরের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবটি কার্যকর হলে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় নতুন প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
Design and developed by sylhetalltimenews.com