ঢাকা ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
দীর্ঘ ২৩ বছরের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা খরা কাটানোর মিশন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিকরা।
দীর্ঘ আট বছর পর ঢাকায় ফেরা দক্ষিণ এশিয়ার ফুটবলের এই সর্বোচ্চ আসরে শুভসূচনা করতে মুখিয়ে আছে বাংলাদেশ। রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের জন্য চূড়ান্ত একাদশ সাজিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি।
ভুটানের বিপক্ষে শক্তিশালী ও আক্রমণাত্মক একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। গোলবারের নিচে বিশ্বস্ত হাত হিসেবে থাকছেন মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগের দুর্ভেদ্য প্রাচীর গড়তে একসঙ্গে মাঠে নামছেন সাদ উদ্দিন, অভিজ্ঞ তপু বর্মন, জিদান আলেকজান্ডার ইউসুফ ও জায়ান আহমেদ।
মধ্যমাঠের নিয়ন্ত্রণ এবং খেলা তৈরির দায়িত্বে থাকছেন তারিক কাজী, অধিনায়ক জামাল ভূঁইয়া ও শমিত সোম।
আর প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল আদায় করে নেওয়ার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে ফরোয়ার্ড লাইনের তিন সেনানী রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ এবং ফয়সাল আহমেদ ফাহিমকে।
তবে টুর্নামেন্টের উদ্বোধনী এই ম্যাচে দলের অন্যতম দুই কাণ্ডারি মিডফিল্ডার হামজা চৌধুরী এবং ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না বাংলাদেশ। পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং গোলের সুযোগ তৈরির বাড়তি দায়িত্ব থাকবে শমিত ও জামালের কাঁধে।
সাম্প্রতিক ম্যাচগুলোতে আক্রমণভাগের ব্যর্থতা ও গোল-খরা নিয়ে বেশ চাপে আছেন কোচ ডুলি। সর্বশেষ ফিফা আসিয়ান কাপে তিন ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ, যার মধ্যে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বড় পরাজয়ও ছিল। তবে থিম্পুর বাইরে ভুটানের কাছে কখনোই না হারার রেকর্ড আজ জামাল-তপুদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
একনজরে ভুটানের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত একাদশ:
গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ
রক্ষণভাগ: সাদ উদ্দিন, তপু বর্মন, জিদান আলেকজান্ডার ইউসুফ, জায়ান আহমেদ
মাঝমাঠ: তারিক কাজী, জামাল ভূঁইয়া, শমিত সোম
আক্রমণভাগ: রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, ফয়সাল আহমেদ ফাহিম।
Design and developed by sylhetalltimenews.com