ঢাকা ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬
ডেস্ক নিউজ :: বাহরাইনে কর্মরত অবস্থায় নিহত সিলেটের প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
মরদেহ গ্রহণের সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। পরে মরদেহ নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দরে এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিহতের পরিবার সূত্র জানায়, গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে তিনি কয়েক বছর আগে বাহরাইনে যান। সেখানেই কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়।
মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
তিনি জানান, তাৎক্ষণিক সহায়তা হিসেবে সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওয়ারিশ সনদ পাওয়ার পর নিহতের পরিবারকে আরো ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
বিদেশগামী কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মাধ্যমে নিবন্ধন করে বিদেশে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।
Design and developed by sylhetalltimenews.com