সিলেটে আজ দুই লড়াই

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৬

সিলেটে আজ দুই লড়াই

Manual7 Ad Code

লাক্কাতুরা চা বাগানের তোরণের ওপর দাঁড়িয়ে ছাতা মাথায় ছবি তুলছিলেন একদল ভ্রমণপিপাসু। মেঘে ঢাকা সবুজ পাহাড়। বৃষ্টি আর কুয়াশার আবছা পর্দায় সিলেট যেন সবচেয়ে সুন্দর। পাকিস্তান দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিলেটের সৌন্দর্য উপভোগ করতে কয়েকজন ক্রিকেটার পরিবার সঙ্গে এনেছেন। প্রকৃতিপ্রেমীদের কাছে আলাদা আবেদন আছে এই শহরের। বর্ষায় সেই সৌন্দর্য আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে।

তবে ক্রিকেটের সঙ্গে বৃষ্টির বরাবরই আড়ি। সিলেটে একসঙ্গে চলছে দুই লড়াই-বৃষ্টি বনাম ক্রিকেট, বাংলাদেশ বনাম পাকিস্তান। আজ সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Manual4 Ad Code

বৃষ্টি যদি হার মানে তাহলে জমে উঠতে পারে সিরিজের দ্বিতীয় টেস্টও। মিরপুরে বড় জয়ের পর ১-০তে এগিয়ে থাকা বাংলাদেশ আত্মবিশ্বাসে টুইটুম্বর। দলের শক্তি এখন শুধু পারফরম্যান্সে নয়, অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্যেও। মুমিনুল হক, তাইজুল ইসলাম ও লিটন দাসদের অভিজ্ঞতার পাশে আছেন নাহিদ রানা, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসানের মতো তরুণরা। আর দুই প্রজন্মের মাঝে সেতুবন্ধন হয়ে আছেন মুশফিকুর রহিম। দলে তার উপস্থিতি অভিভাবকতুল্য। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দীর্ঘ পথচলার উত্থান-পতনের সাক্ষী মুশফিক বিশ্বাস করেন, এই বাংলাদেশ যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম।

সিলেটে কাল বিকালে কিছুক্ষণ রোদের দেখা মিললেও দিনের বেশিরভাগ সময়ই ছিল মেঘলা আকাশ। বৃষ্টির কারণে দুদলের পূর্ণাঙ্গ অনুশীলন হয়নি। ইনডোরে সারতে হয়েছে প্রস্তুতি। উইকেটের কভারও পুরোপুরি খোলা হয়নি। উইকেট নিয়ে বাড়তি কৌতূহল দুই শিবিরে। ধারণা করা হচ্ছে, মিরপুরের মতো এখানেও স্পোর্টিং উইকেট দেখা যেতে পারে। দুপুরের পর পাকিস্তান ইনডোরে অনুশীলন করেছে। অনুশীলন শেষে উইকেট পরিদর্শন। কভার সরানোর পর দেখা যায় সবুজ ঘাস। যদিও ম্যাচের আগে আরও একবার ঘাস ছেঁটে রোলার চালানো হবে।

Manual7 Ad Code

দ্বিতীয় টেস্টের চ্যালেঞ্জ নিয়ে মুশফিকুর রহিম বলেন, ‘এখানে উইকেটের চেয়ে আবহাওয়াটাই বড় চ্যালেঞ্জ। সম্প্রতি আমরা এখানে বিসিএলের একটি ম্যাচ খেলেছি। সিলেট সাধারণত খুব ভালো ব্যাটিং উইকেট হয়ে থাকে। তবে আবহাওয়ার কারণে উইকেটে কিছুটা ময়েশ্চার থাকতে পারে। সিলেটে খেলতে সব সময়ই দারুণ লাগে।’

Manual3 Ad Code

মুশফিক বলেন, ‘প্রথম টেস্টেও আমরা জানতাম এই সময়ে আবহাওয়া কেমন থাকবে। একজন পেশাদার ক্রিকেটার হিসাবে এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি। ম্যাচে পুরোপুরি মনোযোগী থাকতে হবে। আবার খেলা না থাকলে নিজেকে মানসিকভাবে সতেজ রাখতে হবে।’ দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলেও একাধিক পরিবর্তন হতে পারে। শরীফুল ইসলামকে একাদশে দেখা যেতে পারে।

ঢাকা টেস্টে বড় ব্যবধানে হারার পর সিলেটে এসে পাকিস্তান আরেকটি দুঃসংবাদ পেয়েছে। প্রথম টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে দলটিকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কাটা গেছে আট পয়েন্টও। এতে পয়েন্ট তালিকায় আরও নিচে নেমে গেছে পাকিস্তান।

স্বস্তির খবরও আছে। দ্বিতীয় টেস্টে ফিরছেন বাবর আজম। তাকে সামলানোর পরিকল্পনা বাংলাদেশের ভালোভাবেই জানা আছে বলে জানিয়েছেন মুশফিক। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে পাকিস্তান কোচ সরফরাজ আহমেদ বলেন, ‘এই মুহূর্তে দলের পরিবেশ ভালো। প্রথম টেস্টে হেরে আমরা হতাশ। আমরা পরের ম্যাচ নিয়ে আশাবাদী। আশা করি ঘুরে দাঁড়াব।’

Manual3 Ad Code