ঢাকা ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬
চেষ্টা করেছিলেন মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। কিন্তু সময় তার পক্ষে নেই। ধর্ষণের মামলায় বিচারের মুখোমুখি হতেই হচ্ছে পিএসজির তারকা ফুটবলারকে।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ এই খবর নিশ্চিত করেছে। ফ্রান্সের সর্বোচ্চ আইনি সংস্থা ‘কোর্ট অব ক্যাসেশন’ ২৭ বছর বয়সী এই ফুটবলারের আপিল খারিজ করে দিয়েছে।
ফলে আইনি প্রক্রিয়ায় এই মামলা খারিজ করার যে শেষ চেষ্টা হাকিমি করেছিলেন, তা ব্যর্থ হলো। প্যারিসের পশ্চিমে ও-দে-সেন বিভাগের একটি অপরাধ আদালতে এই মামলার বিচারকাজ পরিচালিত হবে। এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলেও আগামী বছরই মামলাটির বিচারকাজ শুরু হতে পারে।
২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বুলোন-বিলঁকুরে হাকিমির নিজ বাসভবনে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। হাকিমির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যোগাযোগের পর ওই তরুণী তার বাড়িতে যান। পরবর্তীতে তিনি হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। ঘটনার পাঁচ দিন পর হাকিমির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠিত হয়।
তবে শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন এই তারকা ফুটবলার। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে হাকিমির আইনজীবী দল প্রথমে মামলাটি খারিজের আবেদন জানিয়েছিল।
তবে গত বছরের ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত সেই আবেদনটি খারিজ করে দেন। এরপর হাকিমি উচ্চ আদালত ‘কোর্ট অব ক্যাসেশন’-এ যান, যা সম্প্রতি চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হলো।
Design and developed by sylhetalltimenews.com