ঢাকা ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক শামা হক চৌধুরী।
তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে সিলেটের নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, তাঁদের উদ্যোগের সম্প্রসারণ এবং নারীদের স্বাস্থ্য ও কল্যাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় শামা হক চৌধুরী সিলেটের নারী উদ্যোক্তাদের চলমান কার্যক্রম ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁদের উদ্যোগকে আরও প্রাণবন্ত, সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার ওপর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি উল্লেখ করেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং সিলেটের আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের অবদান আরও সুদৃঢ় করা সম্ভব।
এ ছাড়া নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ, জীবনমান উন্নয়ন এবং নারীদের কল্যাণে বাস্তবমুখী ও সময়োপযোগী বিভিন্ন উদ্যোগের বিষয়েও আলোচনা করেন তিনি।
সাক্ষাতে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নারীর সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।
Design and developed by sylhetalltimenews.com