ঢাকা ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক :শেষ ওভারে জিততে ক্যারিবীয়দের প্রয়োজন ছিল ১৯ রান। প্রথম তিন বলে ৫ রান দিলেন নিউজিল্যান্ডের পেসার জেকব ডাফি। চতুর্থ বলে ছক্কা হাঁকান রোমারিও শেফার্ড। তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিততে শেষ দুই বলে ওয়েস্ট ইন্ডিজের লাগতো ৯ রান। দুটি চার মারলে ম্যাচ গড়াতো সুপার ওভারে। তবে পঞ্চম বলটি ডট দিয়ে সব হিসেব-নিকেশ বন্ধ করে দেন ডাফি। শেষ বলে দেন মাত্র ১ রান। তাতে ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারায় স্বাগতিক নিউজিল্যান্ড। ২৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬২ রানে থামে ক্যারিবীয়রা।
লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল ধীরগতির। প্রথম ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৮৭ রান তোলে তারা। জন ক্যাম্পবেল ৯ বলে ৪ রান, অ্যালিক অ্যাথানেজ ৫৮ বলে ২৯ আর কেচি কার্টি ৬৭ বলে ৩২ রান করেন। চতুর্থ উইকেটে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন শাই হোপ ও রাদারফোর্ড। দলীয় ১৩৮ রানে ৪৫ বলে ব্যক্তিগত ৩৭ রানের ইনিংস খেলে বিদায় নেন হোপ। দলের জয়ের জন্য তখনো ৯০ বলে প্রয়োজন ১৩২ রান। ওয়ানডেতে যে সমীকরণটা কঠিনই বলা চলে। তবে ওয়েস্ট ইন্ডিজের আশা বাঁচিয়ে রাখেন রাদারফোর্ড। রস্টন চেজকে নিয়ে দলের হাল ধরেন। তবে চেজ ১৭ বলে ১৬ রান করে দলীয় ১৬৯ রানে সাজঘরে ফেরেন। গ্রিভসকে নিয়ে দলের সংগ্রহ ২০০ পার করেন রাদারফোর্ড। কিন্তু জয়ের জন্য যখন মেরে খেলবেন তখনই কাইল জেমিসনের শিকার হন তিনি। ৬১ বলে সমান ৩ ছক্কা ও ৩ চারের মারে থামে তার ৫৫ রানের ইনিংস। তার বিদায়ের পর দায়িত্ব কাঁধে তুলে নেন গ্রিভস। তাকে সঙ্গ দেন রোমারিও শেফার্ড। তখনো ২৯ বলে দরকার ছিল ৬১ রান। সেখান থেকে ৪৯ ওভার শেষে তারা দলকে পৌঁছে দেন ২৫০ রানে। শেষ ওভারে ১৯ রানের সমীকরণ মেলাতে পারেনি সফরকারীরা। ৫২ রান খরচায় স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন কাইল জেমিসন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৯ রানের পুঁজি পেয়েছিল নিউজিল্যান্ড। তাদের এ পুঁজির বড় কৃতিত্ব ড্যারেল মিচেল ও ডেভন কনওয়ের। মিচেল ১১৮ বলে ১২ চার ও ২ ছক্কায় ১১৯ রানের ইনিংস উপহার দেন। আর ৫৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৯ রান করেন কনওয়ে। এছাড়া ৫২ বলে ৩৫ রান করেছিলেন মাইকেল ব্রেসওয়েল। ক্যারিবীয়দের পক্ষে জেইডেন সিলস সর্বোচ্চ ৩ আর ম্যাথিউ ফর্দে ২টি উইকেট নেন। নেপিয়ারে আগামী ১৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। সিরিজের শেষ ম্যাচটি হ্যামিল্টনে আগামী ২২ নভেম্বর মাঠে গড়াবে।
Design and developed by sylhetalltimenews.com