ভারতের কাছে ফাইনালে হার বাংলাদেশের

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে ফাইনালে হার বাংলাদেশের

Manual3 Ad Code

রাউন্ড রবিন লীগে ভারতকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালের টিকেট কেটেছিল বাংলাদেশ। তবে ফাইনালে আগ্রাসী আলপি-তৃষ্ণাদের দেখা মিলল না। পোস্টে গোলরক্ষক ইয়ারজান বেগম করলেন অভাবনীয় ভুল। সব মিলিয়ে অনেক ভুলের চড়া মাশুল গুনে সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ। বাংলাদেশ হেরেছে ৪-০ গোলে।পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে আজ খেলার শুরু থেকেই আক্রমণাত্মক থাকে ভারত। দ্বিতীয় মিনিটে ভারতের ফরোয়ার্ড বলের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই বাংলাদেশ গোলরক্ষক ইয়ারজান বেগম পোস্ট ছেড়ে বেরিয়ে এসে তা ক্লিয়ার করেন। ১৬ মিনিটে বক্সের বাইরে আলভা দেবীকে সুরভী আক্তার আফরিন ফাউল করলে রেফারি ফ্রি কিকের নির্দেশ দেন। আভিস্তা বাসনেতের নেওয়া ফ্রি-কিকটি সরাসরি গোলরক্ষকের গ্লাভসে জমা পড়ে। বিরতির আগে ৪২ মিনিটে প্রথম গোলের দেখা পায় ভারত। বাঁ প্রান্ত থেকে আসা ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন বাংলাদেশের ডিফেন্ডাররা। ডান প্রান্তে ফাঁকায় থাকা প্রীতিকা বর্মন নিয়ন্ত্রণে নিয়েও নিজে শট না নিয়ে পাস দেন অধিনায়ক ঝুলন নংমাইথামকে। দলকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি অধিনায়ক। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৬১ মিনিটে পেনাল্টি হজম করে বসে।একটি লং বল ক্লিয়ার করার ক্ষেত্রে ইয়ারজান সময়মতো বল গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন। ভারতের আলভা দেবী বলের দখল নিতে গেলে তাঁকে মাটিতে ফেলে দেন ইয়ারজান। এর ফলে সহজেই ব্যবধান ২-০ করে। ৬৮ মিনিটে ইয়ারজানের আরেকটি ভুলের মাশুল দিতে হয় বাংলাদেশকে। প্রতীমার ব্যাক পাস থেকে পাওয়া বল ক্লিয়ার করতে গিয়ে ইয়ারজান সামনে থাকা ভারতীয় স্ট্রাইকার পার্ল ফার্নান্দেজের কাছেই শট মারেন। বলটি ফার্নান্দেজের নিয়ন্ত্রণে এলে, তিনি আলতো টোকায় জালে পাঠান। শেষ দিকে আরও একটি গোল করে আনন্দের ষোলকলা পূর্ণ করে ভারত।