রনজিত সরকারের সভাটি হয়েছিল রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে!

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

রনজিত সরকারের সভাটি হয়েছিল রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে!

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের আলোচিত সভাটি ভারতের অভ্যন্তরে কিংবা সুনামগঞ্জের সীমান্ত এলাকায় নয়, অনুষ্ঠিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের একটি রিসোর্টে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সভার ভিডিওটি নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনা চলছে। সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কেউ বলছেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকায়, কেউ বলছেন সিলেটের সীমান্তে। আবার কেউ দাবি করছেন, ভারতের ভেতরে বসেই সভাটি করেছেন রনজিত।

সুনামগঞ্জ পুলিশ সূত্র জানায়, সভার ভিডিও রনজিত সরকারের ফেসবুক পেজে প্রকাশের পর সেটি দেখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সভার স্থান হিসেবে গোয়াইনঘাটের রাতারগুলের একটি রিসোর্টের নাম উঠে আসে।

পুলিশের তথ্য অনুযায়ী, সিলেট নগর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ সভাটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ফোনের অবস্থান শনাক্তের মাধ্যমে তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাঁকে নিয়ে রাতারগুলে যায়।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, তারা মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে রনজিত সরকার সেখানে উপস্থিত হয়ে ব্যানার পরিবর্তন করে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।

Manual8 Ad Code

তবে এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের বক্তব্য পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এর আগে সোমবার তিনি জানিয়েছিলেন, সভাটি সিলেটের সীমান্তে হয়নি; সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো স্থানে হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা ছিলেন।

Manual5 Ad Code

এদিকে ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’-এর ফেসবুক পেজে দেওয়া নম্বরে মঙ্গলবার রাতে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

এর আগে সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে সভার বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। সেখানে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা সাবেক এই সংসদ সদস্যের অবস্থান নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। মাঝখানে তিনি কিছুদিন যুক্তরাজ্যে ছিলেন বলেও জানা গেছে।

প্রকাশিত ভিডিওতে ব্যানার ধরে থাকতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা।’ অতিথি হিসেবে অ্যাডভোকেট রনজিত সরকারের নাম উল্লেখ ছিল। আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাম দেওয়া হয়।

রনজিতের ওই ভিডিও প্রকাশের পর সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় তাঁর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code