দেশের স্বার্থের পরিপন্থি কোনো চুক্তি করা হবে না : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

দেশের স্বার্থের পরিপন্থি কোনো চুক্তি করা হবে না : পররাষ্ট্র উপদেষ্টা

Manual7 Ad Code

নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। দেশের স্বার্থের পরিপন্থি কোনো চুক্তি করা হবে না।
১৩ এপ্রিল (সোমবার ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করে কোনো চুক্তির প্রশ্নই আসে না। রাষ্ট্রের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বজায় রেখেই আমরা সব ধরনের আন্তর্জাতিক চুক্তি ও দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেব।
ভারত সফরের অভিজ্ঞতা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার ও পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সফর দুই দেশের সম্পর্ককে একটি ইতিবাচক ধারায় নিয়ে যেতে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।
বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।
এ সময় তিনি জানান, ভারত শিগগিরই মেডিকেল ভিসা উন্মুক্ত করার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আন্তর্জাতিক অঙ্গনে আরো আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারছে। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে এ ধরনের সমন্বয়ে কিছু জটিলতা ছিল বলেও ইঙ্গিত দেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর নিয়ে তিনি জানান, দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশ দিয়ে সফর শুরু হতে পারে, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ