ঢাকা ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬
২০১৯ সালের ৬ জুলাই ছেলে ইফরান খান রাকিবের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বাবা দিল মোহাম্মদ খান। ছেলের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী ও সংসদ সদস্যদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে দিল মোহাম্মদ খান অভিযোগ করেন, ২০১৯ সালের ৬ জুলাই তাঁর ছেলের মৃত্যুর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করা হলেও এটি প্রকৃতপক্ষে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাঁর পরিবার ন্যায়বিচার পায়নি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রমাণ সংগ্রহ করেছেন। এসব তথ্য-প্রমাণ তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরে তদন্তকাজে সহযোগিতার চেষ্টা করেছেন। কিন্তু তাঁর অভিযোগ, সংগৃহীত তথ্য-প্রমাণ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি।
দিল মোহাম্মদ খান আরও অভিযোগ করেন, ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকায় সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। ক্ষমতা ও প্রভাবের কারণে ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য এখনো আড়ালেই রয়ে গেছে বলে দাবি তাঁর।
একজন অসহায় বাবার আকুতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে ছেলের মৃত্যুর বিচার পাওয়ার আশায় অপেক্ষা করছেন। তাঁর একমাত্র চাওয়া, সংগৃহীত তথ্য-প্রমাণ যাচাই করে ঘটনাটির পুনরায় নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। একই সঙ্গে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
তিনি প্রধানমন্ত্রীর প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যক্তি বা মহলের প্রভাব যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একজন বাবা হিসেবে তিনি তাঁর সন্তানের মৃত্যুর প্রকৃত রহস্য জানতে চান এবং রাষ্ট্রের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানানো হয়।
Design and developed by sylhetalltimenews.com