ঢাকা ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জে শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাদেরকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রাম থেকে আটক করা হয়। সোমবার (৮ জুন) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ থানার খাগাইল গ্রামের মৃত মজফর আলির ছেলে ১১ নং আসামি কুটু মিয়া (৫৫) এবং একই গ্রামের মৃত উমেদ আলীর ছেলে ১২ নং আসামি আব্দুর রহমান (৬৫)।
পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের মৃত আক্রম আলীর ছেলে আবুল হোসেন (৩৪) হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই মামলার আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।
আসামিদের আইনের আওতায় আনতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ এক চ্যালেঞ্জিং অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১১ ও ১২ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, গ্রেফতারের পর আসামিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। আবুল হোসেন হত্যা মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।
Design and developed by sylhetalltimenews.com