সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ প্রতিপাদ্যে মৌলভীবাজারে আন্তর্জাতিক যোগ দিবসের তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬

সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ প্রতিপাদ্যে মৌলভীবাজারে আন্তর্জাতিক যোগ দিবসের তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :

Manual1 Ad Code

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) ভোরের নির্মল পরিবেশে শহরের ঐতিহ্যবাহী লোকনাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের ৭৫ জন শিক্ষার্থীসহ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ, সুন্দর ও সচেতন জীবন গঠনের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশন এবং মৌলভীবাজারের স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জেলার অন্যতম বৃহৎ যোগ-আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। তিনদিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনধারা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট ভূষণজিৎ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেটের মাননীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেটের দ্বিতীয় সচিব শ্রী রাজেশ ভাটিয়া, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব মিজানুর রহমান টিপু, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. মো. আবু তাহের, অ্যাডভোকেট অমূল্য কুমার ঘোষ, ডা. এ কে জিল্লুল হক এবং শীলা তালুকদারসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতেই প্রশিক্ষক ও শিক্ষার্থীরা সমবেতভাবে প্রায় ৩০ ধরনের যোগাসন ও প্রাণায়াম প্রদর্শন করেন। শারীরিক নমনীয়তা বৃদ্ধি, মানসিক প্রশান্তি অর্জন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়নে কার্যকর বিভিন্ন আসন ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম প্রদর্শনের সময় উপস্থিত দর্শনার্থীরা গভীর আগ্রহ নিয়ে তা উপভোগ করেন।

Manual3 Ad Code

পরে আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য, ইতিহাস এবং আধুনিক জীবনে যোগচর্চার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বর্তমান ব্যস্ত ও প্রযুক্তিনির্ভর জীবনে মানুষ ক্রমেই মানসিক চাপ, উদ্বেগ এবং বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় নিয়মিত যোগচর্চা একটি কার্যকর ও বৈজ্ঞানিক উপায় হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’-এর প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যোগ কেবল একটি ব্যায়াম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন। নিয়মিত যোগচর্চার মাধ্যমে মানুষ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে। বিশেষ করে বয়স্কদের সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

তিনি আরও বলেন, ভারত থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া যোগচর্চা আজ জাতি, ধর্ম ও ভৌগোলিক সীমানা অতিক্রম করে মানবকল্যাণের এক বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়েছে। সুস্থ সমাজ ও মানবিক বিশ্ব গঠনে যোগের চর্চা আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ভূষণজিৎ চৌধুরী বলেন, যোগচর্চা মানুষের শরীর, মন ও আত্মার মধ্যে ভারসাম্য সৃষ্টি করে। তরুণ প্রজন্মের পাশাপাশি সব বয়সী মানুষের মধ্যে যোগচর্চার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, যা একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। তিনি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান।

Manual4 Ad Code

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জলযোগের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়। আগামী দিনগুলোতেও যোগব্যায়াম প্রদর্শনী, সচেতনতামূলক আলোচনা এবং অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ