সিলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহকারী ভারতীয় হাইকমিশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সিলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহকারী ভারতীয় হাইকমিশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সহকারী ভারতীয় হাইকমিশন, সিলেট এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সমাজের বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শুরুতে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস অতিথিদের স্বাগত জানান। তিনি তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় বাঙালির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের চেতনাকে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

Manual2 Ad Code

আলোচনা পর্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, গোপিকা শ্যাম পুরকায়স্থ, মোহাম্মদ রেনু মিয়া, আবু সুফিয়ান এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবুল ফাতেহ ফাত্তা। বক্তারা তাঁদের বক্তব্যে ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম এবং ভাষা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয় ও সংস্কৃতির ভিত্তি।

আলোচনা পর্বের পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় প্রতিভাবান শিল্পী বিমলেন্দু দাস ও দিয়া পুরকায়স্থ দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের আবেগঘন পরিবেশনা উপস্থিত অতিথিদের আপ্লুত করে তোলে।

ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Manual5 Ad Code